ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর।
সুরতহাল প্রতিবেদন শেষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিচয় শনাক্তের লক্ষ্যে পিবিআইয়ের একটি দল হাসপাতালের মর্গে গিয়ে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জাতীয় তথ্যভান্ডারে যাচাই করে পরিচয় শনাক্ত করতে পারেনি।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের বিজিবি ক্যাম্প সংলগ্ন সড়কে অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ি ওই নারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকেন।
স্থানীয় লোকজন আহত নারীকে উদ্ধার করে প্রথমে মোগড়া বাজার উত্তর সিএনজি স্টেশন পর্যন্ত নিয়ে যান। পরে সেখান থেকে একটি অটোরিকশাযোগে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার কিছুক্ষণ পরই তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সাব-ইন্সপেক্টর মো. সাদেকুল ইসলাম বলেন, “ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জাতীয় তথ্যভান্ডারে যাচাই করা হলেও নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পুনরায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে যাচাই করা হবে।”
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে। এখন পর্যন্ত তার নাম-পরিচয় বা ঠিকানা পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে কোনো স্বজনের সন্ধান না মিললে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-কে অবহিত করা হবে।
