ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনে অস্ত্রের ভয় দেখিয়ে এক যাত্রীর কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মোস্তাক আহম্মেদ (৪১) নামে ওই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় আহত মোস্তাক আহম্মেদ বাদী হয়ে আখাউড়া রেলওয়ে থানায় মামলা করেছেন। এর আগে একই দিন ভোর সাড়ে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের উত্তর দিকের আউটার এলাকায় রেলওয়ে পূর্ব কলোনির লোকমানের টং দোকানের সামনে চট্টগ্রাম-সিলেট রেললাইনে এ ঘটনা ঘটে।
আহত মোস্তাক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাপুইর গ্রামের আমির আলী ভূঁইয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোস্তাক ঢাকায় থেকে আন্তঃনগর তূর্ণা নিশীথা এক্সপ্রেসে রাত ২টা ৪৫ মিনিটে আখাউড়া রেলওয়ে স্টেশনে নামেন। রাত বেশি হওয়ায় তিনি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের একটি চায়ের দোকানে অপেক্ষা করেন। পরে ফজরের আজান হলে রেললাইন দিয়ে বাইপাস রেলগেটের দিকে হেঁটে রওনা হন।
ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে উদয় মিয়া ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন ব্যক্তি ধারালো চাকু ও দেশীয় অস্ত্র দেখিয়ে তাঁর হাতে থাকা মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। মোস্তাক বাধা দিলে তাঁকে গলায় চাকু ধরে প্রাণনাশের ভয় দেখানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, মানিব্যাগ দিতে অস্বীকৃতি জানালে উদয় মিয়া চাকু দিয়ে মোস্তাকের ডান হাতের কব্জির নিচে তালুর পেছনে আঘাত করেন। পরে তাঁর কাছ থেকে মানিব্যাগটি ছিনিয়ে নেওয়া হয়।
ওই মানিব্যাগে একটি ভিভো ওয়াই-১১ মডেলের মোবাইল ফোন ও নগদ ৭০ হাজার টাকা ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মোবাইলটির মূল্য ১৬ হাজার ৯৯৯ টাকা বলে এজাহারে বলা হয়েছে।
মোস্তাক প্রতিরোধের চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁর মুখের বাঁ পাশে চোখের নিচে, বাঁ বাহুর কনুইয়ের ওপর ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ করা হয়েছে। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় আহত মোস্তাককে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসা শেষে স্বজনদের সঙ্গে আলোচনা করে তিনি থানায় গিয়ে মামলা করেন।
মোস্তাক আহম্মেদ বলেন, ভোরে রেললাইন দিয়ে যাওয়ার সময় কয়েকজন তাঁর পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে টাকা ও মোবাইল ফোনসহ মানিব্যাগ নিয়ে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আখাউড়া রেলওয়ে থানায় দস্যুতার অভিযোগে মামলা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ১০ এবং জিআর নম্বর ১৩৬। এতে দণ্ডবিধির ৩৯৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
