The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় রেললাইনের নাট-বল্টু ও ফিসপ্লেট বিক্রির অভিযোগে রেলকর্মী কারাগারে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের নাট-বল্টু, ফিসপ্লেট ও ক্লিপ খুলে ভাঙারির দোকানে বিক্রির চেষ্টার অভিযোগে হুমায়ুন কবীর (৩৫) নামে এক রেলকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
হুমায়ুন কবীর রেলওয়ের পথ বিভাগের (পিডব্লিউ) ওয়েম্যান হিসেবে আখাউড়া রেলওয়ে জংশনে কর্মরত।
শুক্রবার (১৪ আগস্ট) আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আখাউড়া পৌর এলাকার একটি ভাঙারির দোকানে রেললাইনের এসব সরঞ্জাম বিক্রির সময় হুমায়ুন কবীরকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। পরে শুক্রবার দুপুরে তাকে আখাউড়া রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, রেললাইনের কোথাও নাট-বল্টু, ফিসপ্লেট বা ক্লিপে সমস্যা দেখা দিলে তা মেরামত করে রেল যোগাযোগ নিরাপদ রাখা ওয়েম্যানদের দায়িত্ব। এসব গুরুত্বপূর্ণ সরঞ্জাম খুলে নেওয়া হলে রেললাইন দুর্বল হয়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে আখাউড়া রেলওয়ের পথ বিভাগের এক প্রকৌশলী বলেন, রেললাইনের নাট-বল্টু, ফিসপ্লেট ও ক্লিপ খুলে নেওয়া হলে লাইন দুর্বল হয়ে পড়ে। এতে ট্রেন চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। আখাউড়া-সিলেট রেলপথের বিভিন্ন অংশে এসব উপকরণ চুরির কারণে রেললাইন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার বিষয়টি আগেও আলোচনায় এসেছে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, রেলওয়ের কর্মচারী হুমায়ুন কবীরকে আটকের পর তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Exit mobile version