The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেবে তদন্ত কমিটি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা ছাত্রদল। কমিটিকে নিরপেক্ষভাবে ঘটনার সার্বিক বিষয় পর্যালোচনা করে আগামী সাত দিনের মধ্যে জেলা শাখার কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেলে আখাউড়া উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি এবং মিছিলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিষয়টিও জেলা ছাত্রদলের নজরে এসেছে।
এতে আরও বলা হয়, সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও ভাবমূর্তি রক্ষায় সব নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ছাত্রদল একটি সুশৃঙ্খল, আদর্শিক ও গণতান্ত্রিক ছাত্রসংগঠন। তাই কোনো ধরনের বিশৃঙ্খলা, সংঘর্ষ কিংবা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড কাম্য নয়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন ও সদস্যসচিব সমীর চক্রবর্তীর নির্দেশনায় গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুল হক সানিকে। কমিটির অন্য সদস্যরা হলেন খন্দকার শাহ আলম, সাহিল হোসেন সানি, সাগর সরকার ও ইমাম হোসেন।
উল্লেখ্য, নবগঠিত আখাউড়া উপজেলা ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধের জেরে আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে আখাউড়া সড়ক বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন। এ সময় স্থানীয় বিএনপির সংসদ সদস্য মুশফিকুর রহমানের সমর্থিত পক্ষের কার্যালয় এবং কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।
Exit mobile version