The voice of Brahmanbaria || Local news means the world is

১২৫০ টাকা আর ২ কেজি চাল চুরি করতে প্রতিবন্ধী নারীকে হত্যা করে সাইফুল সাদিয়া

গাজীপুরের টঙ্গীতে স্বামী-স্ত্রী মিলে এক প্রতিবন্ধী নারীকে হত্যা করে। হত্যার পর বোনাসের ১ হাজার ২৫০ টাকা, মোবাইলের বাক্স ও ২ কেজি চাল নিয়ে যায়।

এ হত্যার ঘটনায় স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার নিন্দারাবাদ এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে সাইফুল ইসলাম উজ্জ্বল ও তার স্ত্রী সাদিয়া আক্তার (১৯)।

নিহত বাক ও শ্রবণপ্রতিবন্ধী রাবেয়া সাবরিন লিখন (২৮) টঙ্গীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পে কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিশ্বজিত বিশ্বাস জানান, গাজীপুর মহানগরের টঙ্গীপূর্ব থানার উত্তর আরিচপুর গাজীবাড়ী পুকুরপাড় জনৈক গোলাম মোস্তফার বাড়ির ২য় তলায় ভাড়া থাকতেন বাক ও শ্রবণপ্রতিবন্ধী রাবেয়া সাবরিন লিখন (২৮)। গত ১৯ মে সকালে তিনি তার বাসায় রান্না করছিলেন। এ সুযোগে তার ঘরে প্রবেশ করে অজ্ঞাতনামা পাশের ঘরের ভাড়াটিয়া সাইফুল ইসলাম ও তার স্ত্রী সাদিয়া আক্তার। পূর্ব পরিকল্পনা অনুয়ায়ী তারা রাবেয়া সাবরিনের হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের দরজা বাইরের দিক হতে ছিটকিনি লাগিয়ে পালিয়ে যায়। রান্না পুড়ে যাওয়ার গন্ধ পেয়ে পার্শ্ববর্তী ভাড়াটিয়া সাদিয়া আক্তার সাথী লিখনকে ডাকতে এসে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ পেয়ে বাড়ির মালিককে খবর দেন।

বাড়ির মালিক ও পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা ঘরের দরজা খুলে দেখেন লিখনের লাশ হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় বিছানার উপর উপুড় হয়ে পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করলে পুলিশ রোববার ওই অভিযুক্ত স্বামী-স্ত্রীকে টঙ্গী থেকে আটক করে। পরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিশ্বজিত বিশ্বাস আরও বলেন, আসামি সাইফুল ইসলাম উজ্জ্বল একটি গার্মেন্টসে চাকরি করেন এবং তিনি অনলাইন আইপিএলে জুয়ায় আসক্ত। তার দুই মাসের বাড়ি ভাড়া বাকি থাকায় স্ত্রী সাদিয়া আক্তারের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। আসামি সাইফুল ইসলাম নিহত রাবেয়া সাবরিন লিখনের বোনাস পাওয়ার খবর জানতে পেরে ওই টাকা চুরির পরিকল্পনা করে। তারই পরিপ্রেক্ষিতে গত ১৯ মে সকালে লুকিয়ে তার রুমে ঢুকে লিখনের মুখ পেছন দিক থেকে চেপে ধরে বিছানায় উপুড় করে শুইয়ে তার পিঠে চেপে বসে এবং লিখনের মুখ ও হাত বেঁধে ফেলে। পরে সাইফুলের স্ত্রী লিখনের পা বেঁধে ফেলে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে সাইফুল নিহত লিখনের ব্যাগ থেকে ১ হাজার ২৫০ টাকা, মোবাইলের বাক্স ও ২ কেজি চাল নিয়ে যায়। যাওয়ার সময় বাইরে থেকে রুমের দরজার ছিটকিনি বন্ধ করে দেয়।

পরবর্তীতে আসামি সাইফুল ইসলাম চুরি করা টাকা তার স্ত্রী সাদিয়া আক্তারের কাছে রেখে অফিসে চলে যায়।

Exit mobile version