মানুষের জীবনে কিছু স্বপ্ন থাকে, যা পূরণের জন্য খুব বেশি কিছু চাওয়ার থাকে না। থাকে শুধু একটুখানি সুযোগ, একটি কাঙ্ক্ষিত মুহূর্ত কিংবা প্রিয় কারও সান্নিধ্য পাওয়ার আকুলতা। তেমনই একটি স্বপ্ন বুকে ধারণ করে দিন কাটছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের তরুণ লিখনের।
হুইলচেয়ারই তাঁর চলার সঙ্গী। শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। কিন্তু মনের ইচ্ছা, আবেগ কিংবা ভালোবাসার জায়গায় কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি। রাজনৈতিক বিশ্বাস ও ভালোবাসা থেকে বিএনপির বিভিন্ন মিছিল-মিটিং এবং সামাজিক কর্মসূচিতে হুইলচেয়ারে করেই অংশ নেন তিনি।
লিখনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, একবার প্রিয় নেতা তারেক রহমানের সঙ্গে সামনাসামনি দেখা করা। খুব কাছ থেকে নেতাকে দেখা, নিজের মনের কথাগুলো বলা, দীর্ঘদিনের ভালোবাসা ও অনুভূতি প্রকাশ করা। তাঁর কাছে এই একটি সাক্ষাৎ যেন অনেক দিনের জমে থাকা স্বপ্নের পূর্ণতা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজের সেই স্বপ্নের কথা তুলে ধরেছেন লিখন। প্রিয় নেতার সঙ্গে একবার দেখা করার আকাঙ্ক্ষা প্রকাশ করে তিনি জানিয়েছেন, কাঙ্ক্ষিত সেই মুহূর্তের অপেক্ষায় রয়েছেন। কবে তাঁর স্বপ্ন পূরণ হবে, তা জানা নেই। তবুও আশা ছাড়েননি।
লিখনের এই আকাঙ্ক্ষা কেবল একজন রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা নয়; এর সঙ্গে মিশে আছে তাঁর দীর্ঘদিনের আবেগ, বিশ্বাস ও ভালোবাসা। যে মানুষটিকে তিনি রাজনৈতিকভাবে অনুসরণ করেন, তাঁকে একবার কাছ থেকে দেখার ইচ্ছাই তাঁর কাছে অনেক বড় পাওয়া।
লিখনের স্বপ্নের কথা জানার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বিএনপির নেতারাও।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একজন অত্যন্ত মানবিক মানুষ। আশা করি, লিখনের এই আবেগঘন ফেসবুক পোস্ট এবং সংবাদমাধ্যমে প্রকাশিত লেখনীর মাধ্যমে তার আকাঙ্ক্ষার কথা প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি নিশ্চয়ই সাড়া দেবেন। লিখনের মনের ইচ্ছা ও আকাঙ্ক্ষা পূরণ হতে পারে বলে আমি বিশ্বাস করি। আমিও ব্যক্তিগতভাবে চেষ্টা করব, বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করার জন্য।”
জীবনের পথ সবার জন্য সমান হয় না। কারও চলার পথে থাকে নানা সীমাবদ্ধতা, কারও স্বপ্ন পূরণের পথে আসে অসংখ্য বাধা। লিখনের জীবনেও রয়েছে শারীরিক প্রতিবন্ধকতা। তবুও তিনি থেমে যাননি। হুইলচেয়ারে বসেই নিজের ভালোবাসার জায়গাটুকু ধরে রেখেছেন।
হয়তো লিখনের কাছে প্রিয় নেতার সঙ্গে দেখা করার মুহূর্তটি হবে জীবনের সবচেয়ে মূল্যবান উপহার। হয়তো সেদিন তাঁর জমে থাকা কথাগুলো বলার সুযোগ হবে, মুখে ফুটবে দীর্ঘদিনের অপেক্ষার হাসি।
এখন অপেক্ষা শুধু সেই একটি খবরের—প্রিয় নেতা তারেক রহমান কি শুনতে পাবেন সরাইলের হুইলচেয়ারে বসে থাকা তরুণ লিখনের মনের আকুতি? পূরণ হবে কি তাঁর দীর্ঘদিনের স্বপ্ন?
লিখন অপেক্ষায় আছেন। তাঁর স্বপ্নের পথচলা থেমে নেই।
