The voice of Brahmanbaria || Local news means the world is

স্বামীর ইমামতিতে জানাযার নামাজ, আল্লামা সাজিদুর রহমানের সহধর্মিনীর দাফন সম্পন্ন

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের সহধর্মিনীর জানাজা নামাজ ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে ঢাকার সিকেডি হাসপাতলে কিডনিজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মঙ্গলবার দুপুর ২টায় যোহরের নামাজের পর ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদরাসা প্রাঙ্গণে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন তার স্বামী আল্লামা শায়েখ সাজিদুর রহমান। জানাজায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব অংশ নেন। এছাড়া জেলা প্রশাসক শারমিন জাহান মরহুমার বাসভবনে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান।
জানাজায় আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মুফতি মুবারকুল্লাহ, নায়েবে আমীর মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমি, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাঈদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, সাংগঠনিক সম্পাদক মাওলানা বশিরুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা কেফায়তুল্লাহ আজহারী, অর্থ সম্পাদক মাওলানা মুনির কাসেমীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা আলী আজম কাসেমী, সহ-সভাপতি মাওলানা বোরহান উদ্দীন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ইউসুফ ভূঁইয়াসহ অনেকে।
জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে তাকে শরীফপুর কবরস্থানে সমাহিত করা হয়।
Exit mobile version