ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বাক্বিতণ্ডার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
শুক্রবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাংবাদিক জুলকারনাইন সায়েরের শেয়ার করা ঘটনার একটি ভিডিও শেয়ার করে এ দাবি জানান তিনি।
ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, থানায় প্রবেশ করে ‘মব’ করার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। বিএনপির সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধে সামান্য অভিযোগ উঠলেও
ব্যবস্থা নেওয়া হয় বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে, রুমিন ফারহানাসহ কয়েকজন সংসদ সদস্য বর্তমান সরকারের দেওয়া বাক্স্বাধীনতার অপব্যবহার করছেন বলে অভিযোগ করেন ছাত্রদল সভাপতি।
তিনি আরও অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে। রাকিবুল ইসলাম রাকিব বলেন, আইন সবার জন্য সমানভাবে কার্যকর হওয়া উচিত।
উল্লেখ্য, নিরাপত্তা না পাওয়ার অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শতাধিক কর্মী-সমর্থক নিয়ে সরাইল থানায় যান। সেখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে তাঁর বাক্বিতণ্ডা হয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
