ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিঘর গ্রামের জামাল মিয়ার কাছে হালচাষের পাওনা টাকা পেতেন আইয়ুব খান। বুধবার সকালে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইয়া বলেন, হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
