The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে শিশুর প্রতি যৌন নির্যাতনের অভিযোগে নানা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাঁচ বছর বয়সী নাতনির প্রতি যৌন নির্যাতনের অভিযোগে গদু মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহীমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী শিশুটি সরাইল উপজেলার ধর্মতীর্থ এলাকার বাসিন্দা। গত ১৭ অক্টোবর শিশুটির নানি তাকে বেড়ানোর কথা বলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়তলা এলাকার বাড়িতে নিয়ে যান। পরদিন শিশুটির শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তার মাকে ফোন করেন নানি।
পরে ১৯ অক্টোবর শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে আসার পর পরিবারের সদস্যরা তার শারীরিক অবস্থায় অস্বাভাবিকতা লক্ষ্য করেন। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির মায়ের অভিযোগ, ১৭ অক্টোবর রাত থেকে ১৮ অক্টোবর সকাল ১০টার মধ্যে কোনো একসময় তার বাবা গদু মিয়া শিশুটির প্রতি যৌন নির্যাতন করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে সরাইল থানায় মামলা করেন।
এসআরবি-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মামলার একমাত্র এজাহারনামীয় পলাতক আসামি গদু মিয়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার গদু মিয়া সরাইল উপজেলার বড়তলা এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে। এ ঘটনায় গত ২০ অক্টোবর সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৫)-এর ৯(১) ধারায় মামলা করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Exit mobile version