The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে মদ খেয়ে পূজামণ্ডপে বিশৃঙ্খলার অভিযোগে ৩ মুসলিম যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি, পূজা কমিটির সদস্যদের ওপর চাপ প্রয়োগ ও হুমকি দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নদ্দাপাড়ায় শ্রী অখিল চন্দ্র দাসের বাড়ির পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে পূজামণ্ডপে আবারও গিয়ে নাচানাচির প্রস্তুতির সময় দুজনকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে আরও একজনকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় পূজামণ্ডপে এসে নিজেদের পছন্দমতো গান-বাজনা চালিয়ে নাচানাচি করার জন্য পূজা কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যরা তাঁদের বাধা দিলে তাঁরা উচ্ছৃঙ্খল আচরণ করেন। পরে ঘটনাস্থল ছাড়ার সময় সড়কের আলোকসজ্জার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগও ওঠে।
ঘটনার পর দায়িত্বে থাকা কনস্টেবল মো. ইয়াকুব আলী বিষয়টি সরাইল থানা পুলিশকে জানান। পরে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত যুবকেরা পালিয়ে যান।
পরে তাঁদের শনাক্ত ও আটকের জন্য অভিযান শুরু করে পুলিশ। রাত দেড়টার দিকে পাঁচজন যুবক আবারও পূজামণ্ডপে এসে সাউন্ড সিস্টেম চালিয়ে নাচানাচির প্রস্তুতি নিচ্ছেন—এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় দুজনকে আটক করা হয়। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আরও একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইফাদ মিয়া (১৯), নোয়াগাঁও গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সিয়াম হোসেন (১৮) এবং একই গ্রামের হানিফের ছেলে সুজেল (১৮)। সুজেল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক তিন যুবক পূজার প্রথম দিন থেকেই পূজামণ্ডপে আসা-যাওয়া করছিলেন। তাঁদের প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার জন্য সরাইল উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পূজামণ্ডপসহ সংশ্লিষ্ট এলাকায় নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
Exit mobile version