The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু

মো: মাসুদ : সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (০৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে মো মনতাজ আলীর ছেলে মো বরকত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- সরাইল সদর ইউনিয়নের মৃত ইউনুস মিয়ার ছেলে লোকমান মিয়া (২৯), একই এলাকার আবদুল হান্নান মিয়ার ছেলে মো আমজাদ (১৮) ও সদর ইউনিয়নের জিলুকদার পাড়ার মো মুজিবুর রহমানের ছেলে শরিফ (১৫)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে নির্মাণ শ্রমিক লোকমান তার দুই সহযোগী আমজাদ ও শরিফ কে নিয়ে তেরকান্দা গ্রামের বরকত আলীর বাড়িতে নির্মাণাধীন সীমানা প্রাচীরে রডের কাজ করছিলেন। রডের পিলার দাঁড়া করানোর সময় ওপরে থাকা হাইবোল্টেজের বিদ্যুতের তারে রড লেগে যায়। এ সময় বিদ্যুতের তার রডে জড়িয়ে গেলে তারা তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

সরাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন নিহতের পরিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছেন।

Exit mobile version