The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে দুটি এয়ারগান ও ৪৪০ গুলি উদ্ধার

সরাইল উপজেলায় পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান ও ৪৪০টি এয়ারগানের গুলি উদ্ধার করেছে র‌্যাব। রবিবার ভোর ৪টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় একটি আম গাছের নিচ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

দুপুরে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে একটি আম গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান ও ৪৪০টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এয়ারগান ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে গতকাল পর্যন্ত র‌্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মোট ৩৩টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, চার হাজার ৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড এবং ৩৭টি এয়ারগানসহ বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।

Exit mobile version