The voice of Brahmanbaria || Local news means the world is

সরকারি খালের ওপর সেপটিক ট্যাংক নির্মাণ, নবীনগরে ইউএনওর অভিযানে উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের আটিয়ারা গ্রামে সরকারি খালের জায়গা দখল করে নির্মাণাধীন সেপটিক ট্যাংক উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, আটিয়ারা গ্রামের শিবপুর মৌজায় সরকারি খালের জায়গায় হান্নান মিয়া নামে এক ব্যক্তি বাথরুমের সেপটিক ট্যাংক নির্মাণ করছিলেন। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসানের উপস্থিতি ও নির্দেশনায় পরিচালিত অভিযানে নির্মাণাধীন অবৈধ কাঠামোটি ভেঙে দেওয়া হয়। পরে খালের পানি চলাচলের পথও উন্মুক্ত করা হয়।
অভিযানে ইউএনওর সঙ্গে শিবপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. বশির মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি খাল, জলাশয় ও অন্যান্য সরকারি জায়গা দখল করে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
Exit mobile version