The voice of Brahmanbaria || Local news means the world is

সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুব। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের অভাবে জেলার হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে স্থানীয় মেয়েদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি।
বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের অষ্টম কার্যদিবসে আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি উত্থাপন করেন।
সংসদে বক্তব্যে মো. খালেদ হোসেন মাহবুব বলেন, ব্রাহ্মণবাড়িয়া একটি শিক্ষিত জনগোষ্ঠীর জেলা। শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য জেলার বিশেষ সুনাম রয়েছে। প্রতিবছর এখানকার হাজার হাজার শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পাস করলেও জেলার নিজস্ব কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকায় তাদের উচ্চশিক্ষার জন্য দূরবর্তী শহরে যেতে হয়।
তিনি বলেন, শুধু ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরাই নয়, পার্শ্ববর্তী মাধবপুর, ভৈরব এবং কুমিল্লার একটি অংশের শিক্ষার্থীরাও এ বিশ্ববিদ্যালয় থেকে উপকৃত হতে পারবে।
এমপি খালেদ হোসেন মাহবুব আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে সবচেয়ে বেশি উপকৃত হবে মেয়েরা। জেলার অনেক পরিবার সামাজিক ও অর্থনৈতিক কারণে মেয়েদের দূরের শহরে পাঠাতে আগ্রহী নয়। ফলে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে স্থানীয় শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে এবং নারী শিক্ষার প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Exit mobile version