The voice of Brahmanbaria || Local news means the world is

রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, মেঘনা পাড়ে বালু লুটে আতঙ্ক

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা তীরবর্তী গ্রামগুলোতে রাত নামলেই বাড়ছে আতঙ্ক। দিনের বেলায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর অস্ত্রধারীদের মহড়া, ড্রেজারের বিকট শব্দ আর অবৈধভাবে বালু উত্তোলনে বদলে যায় নদীপাড়ের চিত্র। ইজারা বহির্ভূতভাবে বালু উত্তোলনের পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারের অভিযোগও উঠেছে। এতে নদীভাঙনের ঝুঁকিতে থাকা হাজারো মানুষ চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি বালু উত্তোলনকারী চক্রের ছত্রছায়ায় মাসের পর মাস ধরে চলছে এই অবৈধ কারবার। চক্রটির বিরুদ্ধে অস্ত্রধারী লোকজন দিয়ে ড্রেজার পাহারা দেওয়ার অভিযোগও রয়েছে। ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। বারবার অভিযোগ জানিয়েও কার্যকর প্রতিকার না পাওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
খোঁজ নিয়ে জানা গেছে, নবীনগরের ধরাভাঙ্গা গ্রামের মেঘনা নদীর বালুচর ঘিরে গড়ে উঠেছে অবৈধ বালু উত্তোলনের একটি বড় সিন্ডিকেট। স্থানীয়দের দাবি, পার্শ্ববর্তী নরসিংদীর রায়পুরা উপজেলার একটি চক্র ২৫টির বেশি ড্রেজার দিয়ে ধরাভাঙ্গা এলাকার নদী থেকে বালু উত্তোলন করছে।
অভিযোগ রয়েছে, দিনের বেলায় মাঝনদী থেকে বালু তোলা হলেও রাতের বেলায় ড্রেজার নিয়ে যাওয়া হচ্ছে বসতভিটার কাছাকাছি। প্রতিদিন ৪০ থেকে ৫০ লাখ ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে বলে দাবি স্থানীয়দের। তাঁদের হিসাব অনুযায়ী, এসব বালুর বাজারমূল্য কয়েক কোটি টাকা।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বালু উত্তোলনকারী চক্রের প্রভাবের কারণে এলাকায় মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। রাতভর আগ্নেয়াস্ত্র নিয়ে চক্রটির লোকজন পাহারা দেয় বলেও অভিযোগ রয়েছে। ফলে নিরাপত্তার ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
অন্যদিকে, অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের কারণে মেঘনার তীরবর্তী এলাকায় নদীভাঙনের ঝুঁকি বাড়ছে। ইতোমধ্যে বহু ঘরবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নতুন করে ভাঙনের আশঙ্কায় রয়েছেন নবীনগরের ধরাভাঙ্গা, চরলাপাং এবং বাঞ্ছারামপুরের মরিচাকান্দি, কানাইগর ও শান্তিনগর গ্রামের বাসিন্দারা।
ধরাভাঙ্গা গ্রামের বাসিন্দা আব্দুল আওয়াল বলেন, ‘রাত হলেই এলাকায় অস্ত্রধারীদের মহড়া শুরু হয়। ড্রেজারের বিকট শব্দ আর তীর ভেঙে পড়ার ভয়ে আমরা নির্ঘুম রাত কাটাই। ভিটেমাটি তো যাচ্ছেই, সঙ্গে জানমালের নিরাপত্তাও নেই। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো প্রতিকার মিলছে না।’
স্থানীয়দের অভিযোগ, এক মাসেরও বেশি সময় ধরে প্রকাশ্যে বালু উত্তোলন চললেও কার্যকর অভিযান দেখা যাচ্ছে না। প্রশাসনের কিছু কর্মকর্তাকে ম্যানেজ করেই এই অবৈধ কারবার চলছে বলেও অভিযোগ করেছেন কেউ কেউ। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
অনুসন্ধানে স্থানীয়ভাবে নবীনগর ও রায়পুরা অংশে পৃথক দুটি বালু উত্তোলনকারী চক্রের তৎপরতার তথ্য পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও অপরাধে জড়িত থাকার অভিযোগ থাকা ব্যক্তির নাম উঠে এসেছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিশ্চিত হওয়া যায়নি।
অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, ‘অবৈধ বালু উত্তোলন কোনোভাবেই সহ্য করা হবে না। নদী ও কৃষিজমি রক্ষায় দ্রুত টাস্কফোর্স গঠন করে যৌথ অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটি বন্ধে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব।’
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম বলেন, ‘জনবল স্বল্পতার কারণে রাতে নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে খুব শিগগিরই নবীনগরের সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে সদস্য বাড়ানো হবে। নরসিংদী জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে দ্রুতই একটি জোরালো যৌথ অভিযান পরিচালনা করা হবে।’
নদীভাঙন, বসতভিটা হারানোর শঙ্কা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটানো মেঘনা পাড়ের মানুষের এখন একটাই দাবি—অবৈধ বালু উত্তোলন বন্ধ, অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং নদী ও জনবসতি রক্ষায় দ্রুত কার্যকর অভিযান।
Exit mobile version