The voice of Brahmanbaria || Local news means the world is

মোকতাদির চৌধুরীরসহ ৭২ জনের বিরুদ্ধে সরাইল থানায় হত্যা মামলা

ষ্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে প্রধান আসামি করে সরাইল থানায় ৭২ জনের নামে আরেকটি হত্যা মামলা হয়েছে।

সোমবার বিকেলে থানায় মামলাটি রেকর্ড হয়। মামলার এজাহারে ৭২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে। এ মামলার বাদী সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের মো. শফি আলী।

এ নিয়ে মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১০টি মামলা হয়েছে , এর মধ্যে ৭টি হত্যা মামলা।

গত ৩১ সেপ্টেম্বর রাতে রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে পুলিশ মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ২০২১ সালের ২৬ মার্চ থেকে পরবর্তী কয়েক দিন আন্দোলন করেছিল হেফাজতে ইসলাম। ২৮ মার্চ দেশব্যাপী মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও তৌহিদি জনতার সকাল-সন্ধ্যা হরতাল চলছিল। ওই দিন সরাইল বিশ্বরোড মোড় এলাকায় হরতালে অংশ নিয়েছিলেন মামলার বাদীর ছেলে হাফেজ আল-আমীন (১৭)। সেখানে ১ নম্বর আসামির (মোকতাদির চৌধুরী) নির্দেশে কয়েকজন আসামি আল আমীনকে প্রথমে মারধর করেন, পরে গুলি করে হত্যা করেন।

মামলায় দ্বিতীয় আসামি করা হয়েছে সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হোসেনকে, তৃতীয় আসামি করা হয়েছে জেলা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লোকমান হোসেনকে। আসামির তালিকায় থাকা ৭২ জনের মধ্যে ৩৮ জন সরাইল উপজেলা বাসিন্দা। বাকি ৩৪ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

মামলার বাদী মো. শফি আলী বলেন, সব আসামিকে আমি চিনি না।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, ৭২ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে। ওসি আরো বলেন, এ মামলায় নিরপরাধ কোনো ব্যক্তি আসামি হয়ে থাকলে তাঁকে অযথা হয়রানি করা হবে না

Exit mobile version