মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ। কলেজের গভর্নিং বডির সভাপতি মোজাম্মেল হক মাছুমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম, প্রফেসর মোহাম্মদ মোশাররফ হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। এ ছাড়া বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান এম আর মুজিব।
সভায় বক্তারা তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, সন্তানদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। পাশাপাশি তারা কার সঙ্গে মিশছে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভা শেষ হয়। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
