ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে নির্বাচনী মাঠে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মুনাফেকি’ ও বিশ্বাসঘাতকতার অভিযোগের জবাব দিয়েছেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ। তিনি দাবি করেছেন, বিএনপির নেতাকর্মীরা নয়, মাওলানা জুনায়েদ আল হাবিবের নিজের লোকজনই তার সঙ্গে বেঈমানি করেছেন।
মাওলানা জুনায়েদ আল হাবিব সম্প্রতি অভিযোগ করেন, নির্বাচনী মাঠে বিএনপির কিছু নেতাকর্মী তার সঙ্গে প্রতারণা ও ‘মুনাফেকি’ করেছেন। এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাহজাহান সিরাজ লিখেছেন, **“মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, আপনার নিজের লোকরাই আপনার সাথে বেঈমানি করেছে। বিএনপির লোক বেইমানি করে নাই।”**
শাহজাহান সিরাজের এই বক্তব্যে জুনায়েদ আল হাবিবের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে এর দায় তার নিজস্ব বলয়ের দিকে ঠেলে দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের তৎপরতার মধ্যেই দুই পক্ষের এমন পাল্টাপাল্টি বক্তব্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তবে জুনায়েদ আল হাবিবের অভিযোগের বিষয়ে বিএনপির অন্যান্য স্থানীয় নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
