ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হয়ে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সদর উপজেলার রামরাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আয়োজিত গণসচেতনতামূলক কার্যক্রম ও গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় এবং সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নামজারি আবেদন, ভূমি কর, অভিযোগ নিষ্পত্তি ও প্রতিকার ব্যবস্থাপনাসহ বিভিন্ন ভূমিসেবা বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, “ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হয়ে সেবা প্রদান করতে হবে। সেবাগ্রহীতাদের নিজেদের কাজ নিজেরাই গিয়ে করার চেষ্টা করতে হবে। অন্যের সহযোগিতা নিলে তৃতীয় পক্ষ দুর্নীতি করার সুযোগ পায়।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। যেসব সেবা নিতে গিয়ে কেউ হয়রানির শিকার হলে উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
সহকারী কমিশনার (ভূমি) বলেন, “বর্তমানে ভূমিসেবা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। ফলে দুর্নীতি ও অনিয়ম অনেকটাই কমে এসেছে।”
রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান সেলিম বলেন, ভূমিসেবা প্রদানে ইউনিয়ন পরিষদ গুরুত্বের সঙ্গে সহযোগিতা করে আসছে। উত্তরাধিকার সনদ দেওয়ার আগে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হয়।
সনাকের সদস্য মো. আরজু মিয়া শুভেচ্ছা বক্তব্যে বলেন, জনগণকে ভূমিসেবা সম্পর্কে সচেতন করতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ভূমিসেবার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সনাক সভাপতি জয়দুল হোসেন বলেন, “ভূমি সমস্যা ছিল, এখনো আছে। তবে সবাই সচেতন হলে ভবিষ্যতে এ ধরনের সমস্যা অনেকটাই কমে আসবে। অসচেতনতার কারণে ভূমি নিয়ে অনেক জটিলতা সৃষ্টি হয়। পাশাপাশি কিছু ভূমিদস্যু ও দালালের খপ্পরে পড়ে মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আজকের এই গণশুনানি।”
এ সময় ‘তরী বাংলাদেশ’-এর আহ্বায়ক শামীম আহমেদ খাল দখলমুক্ত করার দাবি জানান।
এলাকাবাসীর পক্ষে রামরাইল ইউনিয়ন পরিষদের সদস্য মো. মানিক মিয়া বলেন, হাইওয়ে সড়ক নির্মাণের কারণে প্রায় ২৫০ একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একসময় যেসব জমিতে তিন ফসল হতো, বর্তমানে সেখানে ৪ থেকে ৫ ফুট পানি জমে থাকে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মো. আবদুর রহমানের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে রামরাইল ইউনিয়ন পরিষদের সদস্য, ভূমি অফিসের কর্মকর্তা, সনাক ও তরী বাংলাদেশের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
