The voice of Brahmanbaria || Local news means the world is

ভূমি অধিগ্রহণে আটকে ব্রাহ্মণবাড়িয়ার ১৭ উন্নয়ন প্রকল্প, সরকারের অতিরিক্ত ব্যয় ১৪৮ কোটি টাকা

ভূমি অধিগ্রহণ জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার ১৭টি উন্নয়ন প্রকল্পের কাজ থমকে আছে। এসব প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের কাজ করছে জেলা প্রশাসন। এর মধ্যে নবীনগর-আশুগঞ্জ সড়ক নির্মাণ, নাসিরনগরের ৯টি সেতু এবং ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর সড়ক নির্মাণ প্রকল্প অন্যতম।
নবীনগর-আশুগঞ্জ সড়ক নির্মাণ প্রকল্পের প্রস্তাব ২০১৮ সালে অনুমোদিত হয়। ২০১৯ সালে ঠিকাদার নিয়োগের পর সেতু ও কালভার্ট নির্মাণের কাজ শেষ হলেও ১৯ কিলোমিটার সড়ক নির্মাণকাজ এখনো শেষ হয়নি। ভূমি অধিগ্রহণে ধীরগতির কারণে কয়েক দফা প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। এ সময়ে জমি ও অবকাঠামোর মূল্য বেড়ে যাওয়ায় শুধু এ প্রকল্পেই সরকারের অতিরিক্ত ব্যয় হচ্ছে ১৪৮ কোটি টাকা।
অন্যদিকে, নাসিরনগর সদর থেকে ভলাকুট ও চাতলপাড় হয়ে সরাইলের অরুয়াইল পর্যন্ত সড়ক যোগাযোগ স্থাপনে এলজিইডির ৯টি সেতু নির্মাণ প্রকল্পের কাজও ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে। ২০২১ সালের নভেম্বরে প্রকল্পটির দরপত্র আহ্বান করা হয়। পরে নকশা ও কারিগরি জটিলতায় কয়েকটি সেতুর পুনঃদরপত্র আহ্বান করা হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে এসব সেতুর নির্মাণকাজ শুরু হলেও ভূমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় এখনো ছয়টি সেতুর কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এ পর্যন্ত তিনটি সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে।
নাসিরপুর, ভলাকুট, খাগালিয়া, দুর্গাপুর, চাতলপাড় চকবাজার, ফুলকারকান্দি, ইছাপুর, গুজিয়া ও কান্তার খালের ওপর এসব সেতু নির্মাণের কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নাসিরনগরের ভাটি অঞ্চলের হাজারো মানুষের যোগাযোগব্যবস্থায় উন্নতি হওয়ার কথা।
প্রকল্পের নাসিরপুর এলাকার প্রথম সেতুর অ্যাপ্রোচ সড়কের জমি নিয়ে আদালতে মামলা থাকায় কাজ বন্ধ রয়েছে। জমির মালিকদের অভিযোগ, যথাযথ ক্ষতিপূরণ ও অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন না করেই তাদের জমিতে সেতুর কাজ করা হয়েছে। ভলাকুট এলাকার দ্বিতীয় সেতুর একাংশের গার্ডার ও স্ল্যাব নির্মাণকাজও জমি নিয়ে বিরোধের কারণে বন্ধ রয়েছে।
প্রকল্পের সবচেয়ে বড় ২৭৪ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ হচ্ছে বেমালিয়া নদীর ওপর দুর্গারামপুর ও চাতলপাড় চকবাজারের মধ্যে। স্থানীয় জমির মালিকদের আপত্তিতে এ সেতুর কাজও বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সেতুর কাজের জন্য তাদের বাড়িঘর ও জমি ক্ষতিগ্রস্ত হলেও এখনো ক্ষতিপূরণের টাকা পাননি।
নাসিরনগরের ৯টি সেতু নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজের প্রতিনিধি খায়রুল হাসান জানান, নকশা ও দরপত্রসংক্রান্ত জটিলতা কাটিয়ে কাজ শুরু করার পরও ভূমি অধিগ্রহণ না থাকায় কয়েকটি সেতুর কাজ করা সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন ধরে অধিগ্রহণের আশ্বাস দেওয়া হলেও কার্যকর অগ্রগতি নেই। জমির মালিকদের বাধার মুখে কাজ করতে সমস্যা হচ্ছে। এদিকে নির্মাণসামগ্রীর দাম ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে। প্রকল্পের নির্ধারিত মেয়াদও দুই দফা অতিক্রম করেছে। ফলে কাজ চালিয়ে যাওয়া নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানও অনিশ্চয়তায় রয়েছে।
এদিকে, ২০১৮ সালে অনুমোদিত ৬০৪ কোটি টাকার নবীনগর-আশুগঞ্জ সড়ক প্রকল্পে ৯১ দশমিক ৫৯৩৪ একর জমি অধিগ্রহণের জন্য ২৯৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। প্রকল্পের আটটি ভূমি অধিগ্রহণ মামলার (এলএ কেস) মধ্যে এখনো চারটি নিষ্পত্তি হয়নি। সাতটি প্যাকেজের মধ্যে চারটির কাজ শেষ হয়েছে। এসব প্যাকেজের আওতায় সেতু ও কালভার্ট নির্মাণ সম্পন্ন হলেও মূল সড়কের কাজ ভূমি অধিগ্রহণের কারণে আটকে আছে। ব্যয় না বাড়িয়ে তিন দফা প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। তবে জমি ও অবকাঠামোর মূল্যবৃদ্ধির কারণে অধিগ্রহণ বাবদ সরকারকে অতিরিক্ত ১৪৮ কোটি টাকা ব্যয় করতে হচ্ছে।
প্রকল্প এলাকার জমির মালিকদের অভিযোগ, অধিগ্রহণের নোটিশ পাওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও ক্ষতিপূরণের টাকা পেতে দীর্ঘসূত্রতার শিকার হচ্ছেন তারা। বারবার জেলা প্রশাসনের কার্যালয়ে যোগাযোগ করেও চেক না পাওয়ায় বাড়িঘর ও জমি ছেড়ে দেওয়ার বিষয়ে অনিশ্চয়তায় রয়েছেন অনেকে।
অন্যদিকে, ৩২ কিলোমিটার দীর্ঘ ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর সড়ক নির্মাণ প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয় ২০২৫ সালের ডিসেম্বরে। তবে ভূমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় ঠিকাদার এখনো নির্মাণকাজ শুরু করতে পারেননি। এ প্রকল্পে ১৫২ দশমিক ৬৯৮০ একর জমি অধিগ্রহণের জন্য ১১টি এলএ কেসের মধ্যে মাত্র দুটি নিষ্পত্তি হয়েছে।
আখাউড়ার বনগজ-কৃষ্ণনগর সড়কের ওপর ২০৮ মিটার দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পও ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে। ২০১৯ সালে এ সেতুর দরপত্র আহ্বান করা হলেও এখনো নির্মাণকাজ শেষ হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মান্নান জানান, তাদের দুটি প্রকল্পে ভূমি অধিগ্রহণজনিত সমস্যা রয়েছে। বনগজ-কৃষ্ণনগর সড়কের সেতুর জন্য ২০২১ সাল থেকে অধিগ্রহণ প্রক্রিয়া চলছে। ২০২৪ সালে ৪ ধারা জারি হলেও পরে সরকারি অর্থ বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ায় প্রক্রিয়া ব্যাহত হয়। পরবর্তী সময়ে আবার কার্যক্রম শুরু হয়েছে। নাসিরনগরের ৯টি সেতুর মধ্যে পাঁচটির জন্য ২০২৩ সাল থেকে ভূমি অধিগ্রহণ কার্যক্রম চলছে। ইতোমধ্যে যৌথ পরিদর্শন শেষ হয়েছে। পরবর্তী ধাপের কার্যক্রম চলমান রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস আলী বলেন, প্রকল্পগুলোর বেশির ভাগ বিলম্বের কারণ ভূমি অধিগ্রহণ। তার মতে, প্রকল্পের কাজের সময়ের প্রায় ৮০ শতাংশই ভূমি অধিগ্রহণজনিত কারণে পিছিয়ে যাচ্ছে। জমি অধিগ্রহণ করে ঠিকাদারকে বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তারা কাজ করতে চান না। স্থানীয়ভাবে জমির মালিকদের বাধার কারণেও নির্মাণকাজ ব্যাহত হচ্ছে।
অন্যদিকে, জনবল সংকটের কারণে আগে ভূমি অধিগ্রহণ কার্যক্রমে ধীরগতি ছিল বলে স্বীকার করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার। তিনি জানান, সম্প্রতি জনবল বাড়ানো হয়েছে এবং গত সংসদ নির্বাচনের পর থেকে অধিগ্রহণ কার্যক্রমে গতি এসেছে। অন্যান্য জেলার তুলনায় ব্রাহ্মণবাড়িয়ায় এ কাজের অগ্রগতি ভালো।
তিনি আরও বলেন, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় শুধু জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা নয়, গণপূর্ত বিভাগ, বন বিভাগ ও সাব-রেজিস্ট্রি অফিসও জড়িত। জমির মূল্য নির্ধারণ, অবকাঠামোর ক্ষতিপূরণ এবং গাছপালার মূল্য নির্ধারণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রাক্কলন প্রয়োজন হয়। এসব প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে। তবে নির্ধারিত সময়ের পর সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তাগাদা দেওয়া হচ্ছে এবং ব্যক্তিগতভাবেও যোগাযোগ করা হচ্ছে।
Exit mobile version