The voice of Brahmanbaria || Local news means the world is

ভারতে পালানোর সময় আখাউড়ায় আটক আশুলিয়ার হত্যা মামলার আসামি ইদ্রিস

ভারতে পালানোর সময় ঢাকার আশুলিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দায়ের করা দুটি হত্যা মামলার পলাতক আসামি ইদ্রিস আলীকে (৪০) আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন ইদ্রিস আলী। এ সময় ইমিগ্রেশনে তার পাসপোর্ট ও তথ্য যাচাই-বাছাইয়ের একপর্যায়ে ডাটাবেজে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলার তথ্য পাওয়া যায়। পরে তাকে আটক করে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম জানান, ইদ্রিস আলীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, ইদ্রিস আলী তার ছোট বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার জন্য চেকপোস্টে এসেছিলেন। তবে তাদের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে, ইদ্রিস আলী ঢাকার আশুলিয়া উপজেলার জামপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় আশুলিয়া থানায় দায়ের করা দুটি হত্যা মামলার আসামি তিনি। এছাড়া তার বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা, অবৈধ অস্ত্র প্রদর্শন ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, “আখাউড়া ইমিগ্রেশন পুলিশ ইদ্রিস আলীকে আমাদের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি আশুলিয়া থানাকে জানানো হয়েছে। সেখান থেকে পুলিশ এলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে হস্তান্তর করা হবে।”
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত দুটি হত্যা মামলায় ইদ্রিস আলী আসামি। তাকে আখাউড়া থেকে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। থানায় আনার পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Exit mobile version