The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে নির্বাচনী উত্তাপ—বিএনপির বিদ্রোহীসহ ১১ প্রার্থীর মনোনয়ন দাখিল

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর ::  ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠে জমে উঠেছে উত্তাপ। বিএনপির এক বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১১ জন প্রার্থী আজ মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে প্রার্থীরা একে একে তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিলকারীরা হলেন—
অ্যাডভোকেট এম এ মান্নান (বিএনপি), কাজী নাজমুল হোসেন তাপস (বিদ্রোহী স্বতন্ত্র), মো. শাহীন খান (সিপিবি), মোহাম্মদ কামরুল ইসলাম (জাতীয় পার্টি), নাহিদা জাহান (গণসংহতি আন্দোলন), আবদুল বাতেন (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মুফতী আমজাদ হোসাইন (খেলাফতে মজলিস), মুছা সিরাজী (স্বতন্ত্র), নজরুল ইসলাম ভূঁইয়া (গণফ্রন্ট), মো. আশরাফুল হক (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ) এবং নজরুল ইসলাম নজু (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।নবীনগর উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিক মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, তিনজন প্রার্থী জেলা কার্যালয়ে এবং বাকি আটজন নবীনগরে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিএনপি মনোনীত (ধানের শীষ প্রতীকে) প্রার্থী এডভোকেট এম এ মান্নান বলেন,আসন্ন নির্বাচনে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপির সকল স্তরের নেতাকর্মীর সহযোগিতায় আমরা জনগণের ভোটে ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনটি ধানের শীষ কে বিজয়ী করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিব।

এদিকে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দলীয় নেতাকর্মীদের প্রবল চাপেই অনেকটা নিরূপায় হয়ে আমাকে স্বতন্ত্র প্রার্থী হতে হয়েছে। নবীনগরের মানুষ আমার বাবাকে চারবার বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। আমার দৃঢ় বিশ্বাস, এবার তারাই আমাকে সংসদে পাঠাবেন।” দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হলে নির্বাচন চালিয়ে যাবেন কি না—এমন প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, “আমি শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী একজন একনিষ্ঠ বিএনপি কর্মী। সারাজীবন এ দলের সাথেই থাকতে চাই। প্রকৃত আদর্শিক কর্মীর বিরুদ্ধে বিএনপি কখনোই অবিচার করবে না—এই বিশ্বাস আমার আছে।”

সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার মধ্য দিয়ে নির্বাচনী লড়াই এখন স্পষ্টতই নতুন মাত্রা পেল। মাঠের রাজনীতি যে আরও উত্তপ্ত হতে যাচ্ছে, তার ইঙ্গিত মিলছে শুরুতেই।

Exit mobile version