
এর মধ্যে শিক্ষক নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলম সাজু পেয়েছেন দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আব্দুল হামিদ পেয়েছেন দলীয় প্রতীক লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. রাজ্জাক হোসেন পেয়েছেন দলীয় প্রতীক আম, জাকের পার্টির জহিরুল ইসলাম (জুয়েল) পেয়েছেন দলীয় প্রতীক গোলাপফুল ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা পেয়েছেন কলার ছড়ি।
নির্বাচনী প্রতীক পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলম সাজু বলেন, ১৯৭৫ সালের পর এই আসন থেকে নৌকা প্রতীকের দলীয় প্রার্থী এই আসন থেকে বিজয়ী হয়নি। দীর্ঘদিন পর আবারো এই আসনে আমাদের দলের সভানেত্রী প্রধানমন্ত্রী এই আসনে নৌকা প্রতীক প্রদান করেছেন। আমি আশা করি জনগণের ভালবাসায় নৌকা প্রতীকে বিজয়ী হয়ে শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিতে পারব।
এদিকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি আহবান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, আপনারা সবাই নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়ত আপনাদের জরিমানাসহ আইনী ঝামেলায় পড়তে হতে পারে। তাই আমি সকলের কাছে অনুরোধ করব সবাই যেন আচরণবিধি মেনে চলেন। আমরা সকলের সহযোগীতায় একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন উপহার দেব।
বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঞা গত ৩০ সেপ্টেম্বর ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে এই শূন্য সংসদীয় আসনে উপনির্বাচন ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।