The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স-মাস্টার্সে ৮ নতুন বিষয় অনুমোদন

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে স্নাতক (অনার্স) পর্যায়ে চারটি এবং স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ পর্বে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে কলেজটির উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হলো।
বুধবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে অনার্স পর্যায়ে উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ফিন্যান্স ও হিসাববিজ্ঞান বিষয়ে পাঠদানের সুযোগ তৈরি হয়েছে।
অন্যদিকে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে মাস্টার্স শেষ পর্বে বাংলা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিষয়ে পাঠদানের অনুমোদন দেওয়া হয়েছে।
জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে এসব বিষয় অন্তর্ভুক্তির জন্য আবেদন করা হয়েছিল। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই শিক্ষা মন্ত্রণালয় বিষয়গুলো খোলার অনুমোদন দেয়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষ থেকে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, নতুন বিষয়গুলো চালুর ফলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার পরিসর আরও বাড়বে। একই সঙ্গে নতুন নতুন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনপত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কলেজ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
Exit mobile version