The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ৭ দালাল আটক, বিভিন্ন মেয়াদে সাজা

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য ঠেকাতে যৌথ অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও জেলা প্রশাসন। এ সময় দালালচক্রের সাত সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়া। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত ভট্টাচার্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত শিপন মিয়াকে দুই হাজার টাকা এবং নার্গিস আক্তারকে তিন হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া বাকি পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
এসআরবির ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে একটি দালালচক্র রোগীদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। বৃহস্পতিবার সাঁড়াশি অভিযান চালিয়ে চক্রের সাত সদস্যকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের সাজা দেন।
তিনি আরও জানান, হাসপাতালে দালালচক্রের তৎপরতা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Exit mobile version