দীর্ঘ প্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মো. আসাদুজ্জামান শাহীন নির্বাচিত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে ভোট গণনা করা হয়। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ফলাফল অনুযায়ী, ব্যালট নম্বর-২ নিয়ে মো. আসাদুজ্জামান শাহীন ১৯৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এ বি এম মোমিনুল হক পেয়েছেন ১৬৬৪ ভোট। অপর প্রার্থী ডা. ফরিদ উদ্দিন আহমেদ পেয়েছেন ৪৭৪ ভোট।
নির্বাচন কমিশনের ফলাফল শিটে মো. আসাদুজ্জামান শাহীনকে নির্বাচিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও পাঁচটি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব পদে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে ইউনিটের মোট ভোটার ছিলেন ১০ হাজার ৬৪৫ জন। এর মধ্যে আজীবন সদস্য ৯ হাজার ৪৬৬ জন এবং বার্ষিক সদস্য ১ হাজার ১৭৯ জন। ভোটার উপস্থিতির কারণে নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বাড়িয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। মোট ৪ হাজার ১৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সহসভাপতি মো. শফিকুল ইসলাম। নির্বাচন কমিশনার ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোশররফ হোসেন ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী।
নির্বাচন কমিশনার অধ্যাপক মোশররফ হোসেন জানান, দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
