ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে হোয়াটসঅ্যাপে ভিডিওকল করে আপত্তিকর ছবি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ইংরেজিতে ‘এন হাসান হাকিব’ নামের একটি অ্যাকাউন্ট থেকে তাকে এ ভিডিওকল করা হয়।
জিডি সূত্রে জানা গেছে, বিকেল ৩টা ৪৪ মিনিটে ০১৩৫০৪৮৯০৩৩ নম্বর থেকে সিরাজুল ইসলামের হোয়াটসঅ্যাপ নম্বরে কল আসে। কলটি রিসিভ করার সঙ্গে সঙ্গে অপর প্রান্তে থাকা এক পুরুষের আপত্তিকর ছবি দেখতে পান তিনি। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে কলটি কেটে দেন।
সিরাজুল ইসলামের আশঙ্কা, তাকে ব্যক্তিগতভাবে হেনস্তা, সামাজিকভাবে বিব্রত এবং সম্মান ও সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অপরিচিত নম্বর থেকে আসা ভিডিওকলের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জেলা পরিষদ প্রশাসক। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, এ ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে। অপরাধী শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
