ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির সহ-সভাপতি এ বি এম রাশেদুল হাসান ডলারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নবীনগর পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাশেদুল হাসান ডলার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ডলারকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
নবীনগর থানার ওসি মো. মোর্শেদুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় এ বি এম রাশেদুল হাসান ডলারকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা এবং জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
