ব্রাহ্মণবাড়িয়া গভঃ মডেল হাই স্কুলের নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার (১৭ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে ভবনের ফলক উন্মোচন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার নাজমুল ইসলাম, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নে আধুনিক অবকাঠামোর গুরুত্ব তুলে ধরেন। নতুন একাডেমিক ভবন চালুর ফলে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
