ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে উচ্চস্বরে গানবাজনাকে কেন্দ্র করে মাদ্রাসাছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় লাঠিচার্জ ও ছররা গুলি নিক্ষেপের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। ঘটনাটিকে ‘পরাজিত ফ্যাসিবাদী শক্তির প্রতিশোধমূলক অপচেষ্টা’ আখ্যায়িত করে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।
বুধবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এসব দাবি জানান। বিবৃতিটি গণমাধ্যমে পাঠান দলটির প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জনাইদ।
বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের ওপর পুলিশের হামলার ঘটনা পরাজিত ফ্যাসিবাদী শক্তির প্রতিশোধমূলক অপচেষ্টা। পরীক্ষার্থী শিক্ষার্থীরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পুলিশ লাইন্সে যায়নি। পরীক্ষার প্রস্তুতির স্বার্থে উচ্চশব্দে গানবাজনা বন্ধ করা বা শব্দ কমানোর অনুরোধ জানাতেই তারা সেখানে গিয়েছিল।
তবে তাদের কথা শোনার পরিবর্তে পুলিশের একটি অংশ নির্বিচারে লাঠিচার্জ ও ছররা গুলি নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেন তিনি। এতে কিশোর ও শিশু শিক্ষার্থীসহ অনেকে আহত হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, পুলিশের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশ প্রশাসনের ভেতরে বিগত সরকারের প্রতি আনুগত্যশীল কোনো গোষ্ঠী এখনো সক্রিয় আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
তিনি ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, দায়ী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দ্রুত বরখাস্ত ও আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে পুলিশ লাইন্সের দায়িত্বে থাকা ইনচার্জের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
