The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান সাংবাদিক নেতা জাকারিয়া কাজলের মৃত্যু

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব জাকারিয়া কাজল মারা গেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ৬৭ বছর বয়সী জাকারিয়া কাজল ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাকারিয়া কাজল দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ এবং ডায়াবেটিসহ শারিরীক নানা জটিলতায় ভুগছিলেন। জাকারিয়া কাজলের গ্রামের বাড়ি কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের বর্ণী গ্রামে।
প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল ১৯৫৯ সালের ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।
জাকারিয়া কাজল জাতীয় প্রেস ক্লাব-এর সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন। তিনি
বেসরকারি টেলিভিশন বাংলা টিভি ও যমুনা টিভির হেড অব নিউজ হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি কর্মজীবনে দৈনিক আজাদ, ইনকিলাব ও অবজারভারে দীর্ঘদিন কাজ করেছেন। জাকারিয়া কাজল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর করেন। তার মৃত্যুতে মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আগামীকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব ও
ডিআরইউ প্রাঙ্গনে জাকারিয়া কাজলের জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে তার দীর্ঘদিনের সহকর্মীরা তাকে শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানাবেন।
Exit mobile version