ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার ইসলামাবাদ (গোগত) এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ গুরুতর আহত হন। পরে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়। তবে এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতেপ চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত বৃদ্ধের পরিচয় শনাক্তে কাজ চলছে। এ লক্ষ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে যাচাই-বাছাই করার জন্য বলা হয়েছে।
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে আইনানুগ প্রক্রিয়া শেষে বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-কে অবহিত করা হবে।
