The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ কর্মী শীর্ষ মাদক কারবারী সবুজ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শেখ সবুজ (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বাসিন্দা।
পুলিশের সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর রাত ৩টার দিকে সুলতানপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে শেখ সবুজকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত শেখ শাহজাহান মিয়ার ছেলে।
মামলার এজাহার ও তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া রোডের মাথায় টিএ রোডসংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। এতে শেখ সবুজসহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জন অংশ নেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, মিছিলে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পালিয়ে যান।
পরে বিশ্বস্ত সূত্র, ভিডিও ফুটেজ ও স্থানীয় লোকজনের সহায়তায় শেখ সবুজের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে পুলিশ। প্রাথমিক তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ওই মিছিলে তাঁর উপস্থিতি এবং মামলার ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
সদর মডেল থানার মামলা নম্বর ২০, তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬। সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৮, ৯(১), ৯(২), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়।
শেখ সবুজের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির একাধিক মামলা রয়েছে। থানার রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় তাঁর বিরুদ্ধে ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Exit mobile version