The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন হত্যা মামলার প্রধান আসামী ও জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক (পদ স্থগিত) দেলোয়ার হোসেন দিলীপের  ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নিহত সাদ্দামের পরিবারসহ শহরের কান্দিপাড়াবাসী।

দুপুরে সদর উপজেলা পৌর এলাকার কান্দিপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে গিয়ে অংশ নেয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মোঃ শামীম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুর রহমান সজীব, জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনুর রহমান শাহীন, ব্যবসায়ী আবুল হাসনাত ভজন, নিহত ছাত্রদল নেতা সাদ্দামের মা খোদেজা বেগম ও স্ত্রী ফারজানা আক্তার তৃনা প্রমুখ।

বক্তারা বলেন, সাদ্দামকে রাতের আঁধারে ঘর থেকে ডেকে এনে জবাই ও গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ দীলিপকে গ্রেফতার করলেও এখনো হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি। দ্রুত অস্ত্র উদ্ধার ও দীলিপকে রাজনৈতিক দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। তাকে সঠিক বিচারের মাধ্যমে ফাঁসির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশে নিহত ছাত্রদল নেতা সাদ্দামের মা খোদেজা বেগম ও স্ত্রী ফারজানা আক্তার তৃৃনা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা হত্যাকারী দেলোয়ার হোসেন দিলীপের ফাঁসি দাবি করেন।

উল্লেখ্য ২৭ নভেম্বর রাতে সাদ্দাম হোসেনকে হত্যার ঘটনায় ২৮ নভেম্বও রাতে নিহত সাদ্দাম হোসেনের পিতা মোস্তফা কামাল ওরফে মস্তু মিয়া বাদি হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামী করে ৭জনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ১ ডিসেম্বর রাতে র‌্যাব সদস্যরা রাজধানীর বাসাবো এলাকা থেকে দেলোয়ার হোসেন দিলীপ ও মামলার অপর আসামী বাবুলকে গ্রেপ্তার করেন।

Exit mobile version