The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী, মুক্তিপণ আদায়ের অভিযোগ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) স্থাপত্য বিভাগের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী আরিফুল হক নাহিদ (নাহিদ) বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ সময় অপহরণকারীরা তার দুটি মোবাইল ফোন, একটি আইফোন, একটি ল্যাপটপ ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পরিবারের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নাহিদ ডুয়েট ক্যাম্পাস থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে নরসিংদীর শিবপুর এলাকায় তিনি অপহরণের শিকার হন। অপহরণকারীরা তার সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও নগদ অর্থ ছিনিয়ে নেয় এবং তাকে শারীরিকভাবে নির্যাতন করে।
অভিযোগে বলা হয়, একপর্যায়ে অপহরণকারীরা নাহিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে দরকষাকষির পর পরিবারের সদস্যরা বিকাশ ও নগদের মাধ্যমে অপহরণকারীদের দেওয়া নম্বরে ১ লাখ ২০ হাজার টাকা পাঠান। এরপর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নাহিদকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর ২৩ জুলাই রাতে নাহিদের বড় ভাই বাদী হয়ে নরসিংদীর শিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বর্তমানে নাহিদ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন। পরিবারের সদস্যরা জানান, নির্যাতনের কারণে তার শরীরের বিভিন্ন স্থানে ব্যথা রয়েছে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন।
এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়লে ডুয়েটের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
Exit mobile version