শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার আওতাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী।
শুক্রবার (১৬ অক্টোবর) তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে ডিআইজি বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে পারস্পরিক সহযোগিতা, সর্বোচ্চ সতর্কতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্থানীয় কমিটিগুলোর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা, নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
পরিদর্শন শেষে ডিআইজি পূজা উদযাপন পরিষদের নেতা, মণ্ডপ পরিচালনা কমিটির সদস্য ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় শুভেচ্ছা জানান।
