The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থক এবং বিভিন্ন সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত।
শনিবার (১৩ জুন) ভোররাতে সদর উপজেলা ও শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. জুবায়ের (৩০), ইব্রাহিম নিলয় (২৬), নয়ন মনি দেব (৬৮), মো. রনি মিয়া (২৪) এবং জুম্মান মিয়া (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা কুকিল টেক্সটাইল এলাকা ও সদর উপজেলার রাধিকার বিরামপুর এলাকায় ছাত্রলীগের মিছিল করার অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলা, ২০২১ সালের মোদিবিরোধী সহিংসতা ও নাশকতার মামলা এবং জুলাই-২০২৪-এ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তবে গ্রেপ্তারকৃতদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, আটক ব্যক্তিদের কেউ আওয়ামী লীগ বা এর অঙ্গসংগঠনের কোনো পদ-পদবীতে নেই এবং তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও দাবি পরিবারের।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন মামলার ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কারও আনুষ্ঠানিক পদ-পদবী না থাকলেও তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Exit mobile version