The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে মর্টারশেল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পুকুর খননের সময় একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।রোববার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার নাটাই দক্ষিন ইউনিয়নের বড়হরণ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়হরণ এলাকার সাববাড়িতে আব্দুস সোবান মুন্সীর মালিকানাধীন একটি পুকুরে খননকাজ চলছিল। এ সময় শ্রমিকরা মাটির নিচে একটি সন্দেহজনক বস্তু দেখতে পান। পরে সেটি মর্টারশেল হতে পারে, এমন ধারণা ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা আশরফুল বারি ইমন বলেন, পুকুর খননের সময় শ্রমিকরা বস্তুটি দেখতে পান এবং পরে সেটি মর্টারশেল হতে পারে বলে ধারণা করা হয়।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি শনাক্ত করে। থানার পরিদর্শক (তদন্ত) রতেপ চন্দ্র দাস জানান, উদ্ধার হওয়া বস্তুটি একটি মর্টারশেল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত এটি নিরাপদে অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের প্রাথমিক ধারণা, মর্টারশেলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ-কালীন সময়ের অবিস্ফোরিত গোলাবারুদ হতে পারে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
Exit mobile version