The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় গানে গানে জুলাই স্মরণ

২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বীরত্বগাঁথা, আত্মত্যাগ ও নতুন বাংলাদেশের স্বপ্নকে সংগীতের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘গানে গানে জুলাই’।
সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠান হয়। আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সহযোগিতায় জেলা প্রশাসন ও ব্যবস্থাপনায় ছিল জেলা শিল্পকলা একাডেমি।
জেলা শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে স্থানীয় শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের শিল্পীদের পাশাপাশি আমন্ত্রিত শিল্পীরাও অংশ নেন ।এতে পরিবেশিত হয়- দেশাত্মবোধক, প্রেরণাদায়ী ও চেতনা জাগানিয়া মোট ১৩টি গান। এর মধ্যে রয়েছে – ‘ধন ধান্যে পুষ্পে ভরা’, ‘মুক্তির মন্দির সোপানতলে’, ‘চল চল চল’, ‘আমার এ দেশ সব মানুষের’, ‘আমার মন পাখিটা’, ‘ভেবো না মা, তোমার ছেলের হারিয়ে গিয়েছে পথে, রক্ত দিয়ে নাম লিখেছি, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ সহ বিভিন্ন সংগীত।
অনুষ্ঠানে হারমোনিয়ামে মনিকা আচার্য, তবলায় বাবুল মালাকার, অক্টোপ্যাডে সুমিষ্ট সাহা মিঠু, কি-বোর্ডে ফরিদ আহমেদ সাগর এবং গিটারে অভিজিৎ সাহা সঙ্গত করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক পীযূষ কান্তি আচার্য। সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় ছিলেন জেলা কালচারাল অফিসার (ভারপ্রাপ্ত) এস. এম. টি কামরান হাসান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই অভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম, বীরত্ব ও আত্মত্যাগের বার্তা সংগীতের মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে নতুন প্রজন্মকে স্বাধীনতা,
গণতন্ত্র ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাও এ অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে নানা শ্রেণি প্রেশার মানুষ উপস্থিত ছিলেন।
Exit mobile version