The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ আসর শহরের ঐতিহাসিক পৌর মুক্তমঞ্চ মাঠে এ দোয়ার আয়োজন করে জেলা বিএনপি। দোয়ায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন এবং বিভিন্ন দলের নেতাকর্মীসহ অসংখ্য মানুষ অংশ নেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মুবারুকুল্লা। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে প্রথমে কোরআন খতম, ইসলামিক আলোচনা ও দোয়া করা হয়। এ সময় মাঠজুড়ে হাজারও মানুষের কণ্ঠে ‘আমীন’ ধ্বনি ওঠে।

এর আগে বেলা দুইটা থেকে জেলার সকল উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় অসংখ্য মুসল্লি মাঠে সমবেত হন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, গণতন্ত্রের জন্য সংগ্রামরত একজন জাতীয় ব্যক্তিত্ব। দেশবাসীর প্রার্থনায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, এবং ফেব্রুয়ারিতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব।”

Exit mobile version