The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্স শিক্ষার্থীর

ব্রাহ্মণবাড়িয়া শহরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নাফিজা আক্তার খালেদা (২২) নামে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাফিজা আক্তার খালেদা পৌরসভার দক্ষিণ পৈরতলা এলাকার জাহাঙ্গীর আলম ফারুকের মেয়ে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে কলেজে ক্লাস শেষে নাফিজা কাজীপাড়ায় কোচিং করেন। কোচিং শেষে বাড়ি ফেরার পথে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পাশের একটি দেয়ালে সজোরে আঘাতপ্রাপ্ত হন। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশার ধাক্কায় এক অনার্স শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং মানবিক দিক বিবেচনায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবার মামলা করবে না বলে জানিয়েছে। এ কারণে সংশ্লিষ্ট অটোরিকশা চালককে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
নাফিজার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠী, শিক্ষক ও স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। দীর্ঘ সময় তারা হাসপাতালের মর্গের সামনে অবস্থান করেন। সহপাঠীদের কান্নায় হাসপাতাল এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
এদিকে নাফিজার আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহপাঠী ও এলাকাবাসী তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একজন স্বপ্নবাজ শিক্ষার্থীর এমন মর্মান্তিক বিদায়ে সবাই শোকাহত।
Exit mobile version