The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবার পেল জেলা পরিষদের সহায়তা

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মেড্ডায় অগ্নিকাণ্ডে বসতঘর হারানো আটটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা পরিষদ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে শহরের পুনিয়াউটে সংসদ সদস্যের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের হাতে নগদ অর্থের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি অ্যাডভোকেট আনিছুল রহমান মঞ্জু, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লাসহ জেলা পরিষদের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
চেক বিতরণকালে প্রধান অতিথি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দুর্দিনে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ সময় তিনি দুস্থ ও বিপন্ন মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
আর্থিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জেলা পরিষদ ও সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ১২ জুলাই রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মেড্ডার ফিরোজ মিয়া কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কলোনির আটটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে।
Exit mobile version