The voice of Brahmanbaria || Local news means the world is

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর রাষ্ট্রীয় সম্মান ও দাফনে বাধার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজিউর রহমান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জাকির হোসেন, মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, তাজ মোহাম্মদ ইয়াছিন, আসরাবুর নবী মোবারক, ডেপুটি কমান্ডার মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মোবাউল হক ফরিদ, পৌর কমান্ডার জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক বিপ্লব ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়াসহ মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মাননা ও দাফন নিয়ে সৃষ্ট বাধার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানান। তাঁরা কবর থেকে তাঁর মরদেহ উত্তোলন করে যথাযথ রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদা নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। কোনো বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় সম্মাননা নিয়ে অবহেলা বা বাধা কোনোভাবেই কাম্য নয়।
তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
Exit mobile version