The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে সাংবাদিককে কুপিয়ে জখম

বিজয়নগরে হামলার শিকার হয়েছেন দৈনিক দেশ রূপান্তর ও বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. মাঈনুদ্দিন রুবেল।

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে উপজেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে। রুবেল বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাংবাদিক রুবেল জানান, উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব মোখলেছুর রহমান ওরফে লিটন মুন্সি এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক কাইয়ুম মিয়া উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে শুক্রবার রাতে লিটন মুন্সি ও কাইয়ুম মিয়ার নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল তার ওপর অতর্কিতে হামলা চালায়। হামলার সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version