The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের রামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০জন আহত হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও খাঁটি হাতা হাইওয়ে পুলিশ জানান, নরসিংদী থেকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেটে হযরত শাহজালাল (র.) মাজারে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার রামপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ প্রায় ১ ঘণ্টার চেষ্টায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সরাইল এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলাকালে মহাসড়কে অন্তত আধা ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।
Exit mobile version