The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে বালুভর্তি ডাম্প ট্রাক থেকে কোটি টাকার ভারতীয় জিরা জব্দ

বিজয়নগরে বালুভর্তি একটি ডাম্প ট্রাকের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় এক কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৪৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
বৃহস্পতিবার (৬ আগস্ট) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায়।
 
এ সময় সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি ডাম্প ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।
 
তল্লাশির এক পর্যায়ে ট্রাকে বহন করা বালুর নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ হাজার ৪৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত জিরা ও ডাম্প ট্রাকের মোট সিজার মূল্য প্রায় ১ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা।
 
২৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসব অবৈধ চোরচালানী পন্য জব্দ করা হয়েছে। জব্দ ভারতীয় জিরাসহ ডাম্পার ট্রাকটি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা তৎপর রয়েছে। গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
Exit mobile version