ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নাশকতার মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি রবিউল ইসলাম রুবেল (৩৮), যিনি চম্পকনগর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার চম্পকনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলায় (এফআইআর নং-৭৪) রবিউল ইসলাম রুবেলকে ১০১ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ইসলাম রুবেল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি চম্পকনগর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থীও ছিলেন। তিনি চম্পকনগর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, “নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি রবিউল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
