The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে কায়রা বিল থেকে অজ্ঞাত নারীর পঁচা-গলিত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কায়রা বিলের একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর পঁচা-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের উত্তরে কায়রা বিলে জনৈক নান্নু মিয়ার ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবায় পড়ে থাকা নারীর মৃতদেহ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, লাশটি আনুমানিক ৫ থেকে ৬ দিন আগের হতে পারে। মৃতদেহটি পঁচে-গলে যাওয়ায় শরীরে আঘাতের কোনো সুস্পষ্ট চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।
পরিচয় শনাক্তের লক্ষ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের জন্য জানানো হলেও মৃতদেহটি অতিরিক্ত পঁচে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্ট নেওয়া সম্ভব হয়নি বলে জানান ওসি। ময়নাতদন্তের জন্য লাশটি বর্তমানে হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে। পরিচয় শনাক্ত না হলে নিয়ম অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে।
Exit mobile version