The voice of Brahmanbaria || Local news means the world is

বাঞ্ছারামপুরে স্বর্ণালংকার লুটের পর বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্বর্ণালংকার লুটের পর ফুল মেহের (৭৯) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার দুলারামপুর গ্রামের বাবর আলী সরকারের বাড়ির উঠান থেকে গলায় প্লাস্টিকের রশি প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফুল মেহের উপজেলার সোনারামপুর ইউনিয়নের সোনারামপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত আনু মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার থেকে পাঁচ দিন আগে ফুল মেহের তাঁর বাবার বাড়ি দুলারামপুর গ্রামে বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে বাবর আলী সরকারের বাড়ির উঠানে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের বড় ছেলে মোস্তফা কামাল অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাঁর মায়ের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। হত্যার সময় তাঁর মায়ের গলায় ও কানে থাকা প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর ধারণা, স্বর্ণালংকার লুটের সময় দুর্বৃত্তরা তাঁর মাকে চিনে ফেলায় হত্যাকাণ্ড ঘটিয়েছে।
তিনি আরও জানান, বুধবার দুপুরে প্রতিবেশী মিনা নামে এক নারী খাবারের কথা বলে তাঁর মাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধারের খবর পান। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, গলায় প্লাস্টিকের রশি প্যাঁচানো অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ ও হত্যার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
Exit mobile version